বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন, ঢাকা মহানগর ছাত্র মিশনের আহ্বায়ক মোঃ রায়হান উদ্দিন সনি, সদস্য সচিব মোঃ সিয়াম মোল্লা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র মিশনের সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান এক যৌথ বিবৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও আলিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নৃশংস ও বর্বরোচিত হামলায় জবি নির্বাচিত জিএস আলিমসহ অসংখ্য নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ (বুধবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রমিশনের নেতৃবৃন্দ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত জিএস আলিমসহ অসংখ্য নেতাকর্মীর ওপর সংঘটিত হামলা দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ও অস্থিরতার উদ্বেগজনক বহিঃপ্রকাশ। হামলাকারীরা নির্বাচিত জিএস আলিমসহ বহু নেতাকর্মীকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ক্যাম্পাস থেকে জোরপূর্বক বের করে দেয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিও অসম্মানজনক আচরণ করা হয়েছে।
জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসা ছাত্রদের ওপর মববাজি বন্ধের দাবি জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কখনোই সন্ত্রাস, দখলদারিত্ব ও সহিংসতার অভয়ারণ্য হতে পারে না। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক সহাবস্থান প্রতিষ্ঠা করা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এ ধরনের ন্যক্কারজনক হামলা শিক্ষাঙ্গনের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
ছাত্র মিশনের নেতৃবৃন্দ অবিলম্বে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার, তাদের ছাত্রত্ব বাতিল, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ সহ শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সন্ত্রাসমুক্ত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।