ঢাকা-খুলনা অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ও বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে আয়োজিত যৌথসভায় লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, মেজর (অব.) আখতারুজ্জামান বিএনপির প্রতিহিংসার রাজনীতির শিকার। বিমানবন্দরের অব্যবস্থাপনা, অনিয়ম ও কর্তৃপক্ষের দায় আড়াল করতে তাঁকে গ্রেফতার এবং রিমান্ডের নামে হয়রানি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
ঢাকা-খুলনা অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ও বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে আয়োজিত যৌথসভায় লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, মেজর (অব.) আখতারুজ্জামান বিএনপির প্রতিহিংসার রাজনীতির শিকার। বিমানবন্দরের অব্যবস্থাপনা, অনিয়ম ও কর্তৃপক্ষের দায় আড়াল করতে তাঁকে গ্রেফতার এবং রিমান্ডের নামে হয়রানি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৪টায় রাজধানীর ২৭/৮এ তোপখানা রোডস্থ বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকার গণভোটের রায় কার্যকর না করে প্রায় ৭০ শতাংশ জনগণের সঙ্গে প্রতারণা ও জালিয়াতি করেছে। দফায় দফায় বিদ্যুৎ, জ্বালানি ও এলপিজির মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সারসংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরেছে। জনদুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগের পরিবর্তে সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের হয়রানি, লাগেজ কাটা এবং অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রতিবাদকারীদের হয়রানি করা হচ্ছে। বিমানবন্দরের অব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের দায় আড়াল করতে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার ও রিমান্ডের নামে হয়রানি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ সময় তিনি মেজর আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
হাসপাতাল ভেঙে মার্কেট নির্মাণের অভিযোগ তুলে ডাঃ ইরান বলেন, সরকারের সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাতের আঁধারে হাসপাতাল গুঁড়িয়ে দিয়ে সেখানে মার্কেট নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। জনস্বাস্থ্য ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ধ্বংস করে বাণিজ্যিক স্বার্থ হাসিলের যেকোনো উদ্যোগ বন্ধ করতে হবে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি ও প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটিয়ে জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং সারসংকটে বিপর্যস্ত সাধারণ মানুষ ও কৃষকের দুর্ভোগ নিরসনে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে।
লেবার পার্টির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, চাঁদাবাজি-দখলবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে বাংলাদেশ লেবার পার্টিকে রাজপথে আরও সক্রিয় ও সাহসী ভূমিকা পালন করতে হবে। ঢাকা-খুলনা অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ এবং দলের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় আরো বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, এআরএম জাফরুল্লাহ চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ মিরাজ খান, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, শ্রম সম্পাদক জিয়াউর রহমান হীরা, মহানগর যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী ও আহমেদ হাফিজ, নগরনেতা রবিউল ইসলাম ও মকবুল হোসেন, ছাত্র মিশনের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন, যুগ্ম সম্পাদক মোঃ সিয়াম মোল্লা, কেন্দ্রীয় সদস্য সাব্বির আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।